পদ্মা সেতুর টোলপ্লাজায় নাশকতা, অর্থ জোগানের অভিযোগে ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) এক কর্মচারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শরীয়তপুর ডিসি অফিসের রেকর্ড রুমের সার্টিফিকেট সহকারী মো. জাহাঙ্গীর হোসেন (৪১), জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর (৪৬), চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মীর (৫৭) এবং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যকরী সদস্য মো. রিপন সরদার (৫৫)।
পুলিশ জানিয়েছে, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। এর মধ্যে সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে থাকা ডিসি অফিসের কর্মচারী জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে এই নাশকতায় অর্থের জোগান দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত দেড়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে প্রায় পাঁচ শতাধিক লোক লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা বেশ কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালান এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও এই হামলা ও অবরোধের দৃশ্য দেখা যায়। ওই ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা সেতুর টোল আদায় বন্ধ থাকায় দুই প্রান্তে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
দেশজুড়ে আলোচনা সৃষ্টিকারী এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া চারজনই এই মামলার এজাহারভুক্ত আসামি।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, মামলার পর রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।